|
|
বিডিনিউজ : রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি একটি ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব পালন করে যাবেন। এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী বাহারুল ইসলাম। আর রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহম্মদ আল কবির, অগ্রণী ব্যাংকের খন্দকার বজলুল হক, জনতার আবুল বারকাত ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর মেয়াদ বেড়েছে দুই বছর করে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের পরিচালক শান্তি নারায়ণ ঘোষ। তিনি অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল এ তাহেরের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ বিষয়ে আদেশ জারি করে।

