|
|
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উপজেলা পরিষদ এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : সরকার আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছে। উপজেলা আইনে উপদেষ্টা সংক্রান্ত উপধারা বাতিলের দাবি জানিয়েছে উজপ্যাব।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উপজেলা পরিষদ এসোসিয়েশন অব বাংলাদেশ (উজপ্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি ফয়জুর রহমান ফকির। এ সময় উপস্থিত ছিলেন, উজপ্যাবের মহাসচিব আতাউর রহমান আতা, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসেন ফকু, গোলাম মোর্তুজা, সন্তোস কুমার চাকমা, আনোয়ারুল হক বাবলু, জিয়াউল হক সরকারসহ শতাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা আইনে ১২টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিকট হস্তান্তর করা। উজপ্যাব-এর ১৩ দফা দাবিনামা নিয়ে একাধিকবার মন্ত্রীদের সাথে বৈঠকও হয়েছে। তারা উপজেলা আইন বাস্তবায়ন করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটি ১০ দফার মধ্যে মাত্র একটি দফা কার্যকর করার অনুরোধ করেন। এতে প্রমাণিত হয়েছে উপজেলা পরিষদ আইন আমলাতান্ত্রিক জটিলতায় অকার্যকর হয়ে রয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে স্থানীয় মন্ত্রণালয় দফায় দফায় অবৈধ প্রজ্ঞাপন জারি করে উপজেলা পরিষদকে গতিহীন করে রেখেছে। গত তিন বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ৭০টি কমিটির সভাপতি আর ৬৫টি কমিটির সভাপতি করা হয়েছে নির্বাহী কর্মকর্তাকে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ চেয়ারম্যানরা ক্ষমতাহীন। সরকার বিভিন্ন সময় উপজেলা পরিষদকে কার্যকর করার ঘোষণা দিলেও তার কোনো বাস্তবায়ন নেই। ফয়জুর রহমান বলেন, সরকার গত সাড়ে তিন বছরেও উপজেলাকে কার্যকর করেনি। ১৩ দফা দাবিতে উজপ্যাব আন্দোলন করে আসছে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী না হওয়াতে আজ আমাদের গণতন্ত্রের এ অবস্থা। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা থেকে উজপ্যাবকে বের করতে হবে। তানা হলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ আবারও আন্দোলন করতে বাধ্য হবেন।

