Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 13 September 2012, ২৯ ভাদ্র ১৪১৯, ২৫ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী

গ্রামের মানুষও যাতে চিকিৎসা পায় সেজন্য আরো সচেতন হোন

বিডিনিউজ : গ্রামের মানুষও যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায়, সেজন্য চিকিৎসকদের ‘আরো সচেতন' হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বুধবার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের চিকিৎসা সেবা খাত যেন রাজধানীকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক না হয়। দরিদ্র জনগণের পক্ষে রাজধানী বা বড় শহরে এসে চিকিৎসা নেয়ার আর্থিক সামর্থ্য নেই। ‘‘দুঃখের বিষয়, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। ঢাকার বাইরে থাকবে বলে আমরা এডহক ভিত্তিতে ডাক্তার নিলাম। কিন্তু এখন তারা আবার ঢাকায় ঘুর ঘুর করে। তাদের মনে রাখতে হবে যে, একজন ডাক্তার হওয়ার পিছনে দরিদ্র শ্রমিক ও কৃষক এবং করদাতাদের টাকা খরচ হয়।’’

আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনেক জায়গায় যাই। শুনি উপজেলায় ডাক্তার নাই।’’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় রেলওয়ে হাসপাতালের সঙ্গে সরকার একটি সাধারণ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। ‘‘শুধু ঢাকায় নয়। সকল জেলায় হাসপাতাল করার চিন্তা আমাদের রয়েছে। বিভাগীয় হাসপাতালগুলোকে প্রথমে ধরতে হবে’’ বলেন তিনি। এর আগে একটি অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, বেসরকারি উদ্যোগে কেউ মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে চাইলে তাদের উৎসাহিত করা হবে।

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তার সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রতিটি প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে চলতে পারে সেজন্য চিকিৎসকদের আরো সজাগ থাকতে হবে। ২৪০ কোটি টাকা ব্যয়ে আগারগাঁওয়ে নির্মিত তিনশ' শয্যার হাসপাতালে স্নায়ু রোগের চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘‘এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল সর্বাধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ। এশিয়ার মধ্যে তো বটেই কোনো কোনো ক্ষেত্রে উন্নত বিশ্বের মানও এখানে রয়েছে।’’

দেশে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন। গত সাড়ে তিন বছরে দেশে দুটি নতুন নার্সিং ইন্সটিটিউট এবং চারটি ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ, কুয়াকাটায় একটি ২০ শয্যার হাসপাতাল এবং দহগ্রাম আঙ্গরপোতায় একটি ১০ শয্যার হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিট চালু করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স এন্ড হসপিটালের নামফলক উন্মোচন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, যোগ্যতার ভিত্তিতেই চিকিৎসকদের পদোন্নতি হবে। বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকদের তৃণমূল পর্যায়ে গিয়ে সেবা দেয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে।’’

বিশেষজ্ঞ চিকিৎসকদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘২০ হাজার টাকায় তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চলবে না। নিউরো সার্জনের অপারেশনের সময় চেম্বারে রোগী দেখার জন্য মন ঘুর ঘুর করলে তো চলবে না।’’

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হসপিটালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোঃ সিফায়েত উল্লাহ।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওপেন হার্ট সার্জারির ত্রিশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার এ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।