|
|
দুদক সচিবের প্রেস ব্রিফিং
স্টাফ রিপোর্টার : ডেসটিনির এমডি- প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা সাড়ে ১১টায় দুদকের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ ব্রিফিংয়ের শুরুতে দুদক সচিব বলেন, ‘‘একটু আগে জানতে পেরেছি ডেসটিনির শীর্ষ ৫ কর্মকর্তার জামিন বাতিল করেছে আদালত।’’
দুদক সচিবের এ কথার রেশ ধরে তাকে প্রশ্ন করা হয়- ‘‘শীর্ষ ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হতে পারে কি-না!’’ এর উত্তরে দুদক সচিব বলেন, ‘‘যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। গ্রেফতার বিচার প্রক্রিয়ার অংশ।’’
প্রসঙ্গত, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৫ কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারের (মানি লন্ডারিং) দুই মামলায় বুধবার তাদের জামিন বাতিল করা হয়। জামিন বাতিল করা অপর চার আসামী হলেন- ডেসটিনি গ্রুপের সভাপতি সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মো. গোফরানুল হক ও মোহাম্মদ সাঈদ উর রহমান।
দুদকের মাসিক সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব সাম্প্রতিক আলোচিত হলমার্ক প্রসঙ্গে বলেন, ‘‘হলমার্ক সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত ৩১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছ।’’ জিজ্ঞাসাবাদে তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে তিনি জানান। পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে দুদকের অনুসন্ধান অনেকটা গুছিয়ে আনা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকে এ পর্যন্ত ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ হতে পারে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে দুদক জিজ্ঞাসাবাদ করবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘‘তদন্তের স্বার্থে দুদক যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে।’’
এদিকে পূর্বাঞ্চল রেলে নিয়োগ কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়ে দুদক সচিব বলেন, চলতি সপ্তাহে ৬টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। বৃহস্পতিবারের মধ্যে মামলা হওয়ার সম্ভাবনা আছে। আগস্ট মাসে দুদকে অভিযোগ সংক্রান্ত তথ্য তুলে ধরে দুদক সচিব বলেন, গত মাসে ৩০ মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এ সকল মামলায় মোট ৬৪ জনকে আসামী করা হয়েছে।
দুদক সচিব জানান, আগস্ট মাসে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ১,১১৬টি। তন্মধ্যে যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে ২৩টি। ৩২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। আগস্ট মাসে দুদকের মামলা নিত্তি হয়েছে ৪টির, মামলায় সাজা হয়েছে ২ এবং খালাস পেয়েছেন ২ ব্যক্তি।

