Quantcast
ঢাকা, রোববার 16 September 2012, ১ আশ্বিন ১৪১৯, ২৮ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪০২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ছাত্রদলের সমাবেশে মির্জা ফখরুল

লুটেরাদের মন্ত্রী করে প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রকাশ্যে সমর্থন ও প্রশ্রয় দিয়েছেন

গতকাল শনিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটেরাদের মন্ত্রী করে প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রকাশ্যে সমর্থন ও প্রশ্রয় দিয়েছেন। তিনি বলেন, সংসদ থেকে সদস্য পদ বাতিল হওয়া একজনকে মন্ত্রিসভার সদস্য করে সরকার সংবিধান লংঘন করেছে। তিনি বলেন, পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির প্রতিষ্ঠানের এমডিকে মন্ত্রি করেছে এ সরকার। তারা যে দুর্নীতিকে লালন-পালন করছেন এটাই তার প্রমাণ। তিনি ছাত্রদলকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আববাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আবুল খায়ের ভূঁইয়া, নাসির উদ্দিন অসীম, সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রনেতা বজলুল করিম চৌধুরী আবেদ, ওবায়দুল হক নাসির, মহিদুল হাসান হিরু, ফয়সাল আহমেদ সজল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

মির্জা ফখরুল বলেন, মন্ত্রিসভায় যোগ না দিয়ে মেনন-তোফায়েল রাজনৈতিকভাবে বেঁচে গেলেন। তারা ডুবন্ত জাহাজে ওঠেননি। তারা দেখছেন এ নৌকা ডুবে গেছে। এখানে উঠলে তাদেরকেও ডুবে যেতে হবে। সরকারি দলের ছাত্র সংগঠনের শিক্ষাঙ্গনে নৈরাজ্যের কথা তুলে ধরে তিনি বলেন, এখন দেশের প্রায় সব কটি বিশ্ববিদ্যালয়েই চরম অস্থিরতা বিরাজ করছে। ছাত্রলীগ ক্যাডাররা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় ক্যাডার বাহিনীর আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে। এ সরকারের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্ধার করতে ছাত্রদল নেতাদের প্রতি তিনি আহবান জানান।

আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের অতীত ঐতিহ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীতের সকল সফল আন্দোলনের রূপকার ছাত্ররা। আগামীতে এই ছাত্রদের ঐক্যবদ্ধ করে দেশ রক্ষার আন্দোলনে রাজপথে নেমে আসতে হবে। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। জনরোষেই এই সরকারের পতন ঘটানো হবে। ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের এ সঙ্কটকালে বিএনপি চেয়ারপার্সন তোমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা তোমরা যথাযথভাবে পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের রাহুমুক্ত করবে।