|
|
দেশব্যাপী ছাত্রশিবিরের বিক্ষোভ অব্যাহত
শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রাজধানীতে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভর্তি বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সরকারের নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ২য় দিনে ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দেশের মহানগর, শহর ও জেলা শাখায় শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মিছিল পরবর্তী সমাবেশে শিবির নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে শিক্ষাঙ্গন রক্ষা করতে সরকারের প্রতি আহবান জানান। চাঁদপুরে শিবিরের মিছিলে পুলিশ হামলা চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে।
চাঁদপুর সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে ইসলাম ও মহানবী সা. কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল বের করলে সম্পূর্ণ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এতে ছাত্রশিবিরের ১৫ নেতা-কর্মী গুরুতর আহত হয়। রাতভর পুলিশ চাঁদপুর শহরের বিভিন্ন বাসা-বাড়িতে তল্লাশি চালিয়ে সাধারণ ছাত্র পথচারীসহ ৩৩ জনকে আটক করে মডেল থানায় নিয়া আসে। চাঁদপুর মডেল থানা পুলিশ ১১ জনকে ছেড়ে দেয়। বাকি ২২ জনকে গতকাল শেষ বিকেলে কোর্টে চালান দেয়। যার কারণে আসামীদের জামিন চাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়।
অভিভাবক সূত্রে জানা যায়, গ্রেফতারের পর পুলিশ আসামীদের অমানবিকভাবে মারধর করেছে। গ্রেফতারকৃত কয়েকজন ছাত্র অনার্স পরীক্ষার্থী। তাদের শিক্ষাজীবন চরম হুমকির মুখে। চাঁদপুর মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় ১টি এবং পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা দানের অভিযোগ অপর ১টি মামলা দায়ের করে। মামলার এজহারে ২২ জন আসামী ছাড়াও অজ্ঞাতনামা কয়েক শ' জনকে আসামী করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ইসলাম ছাত্রশিবির শহরের বিপণীবাগ এলাকা থেকে মহানবী (স.)কে অবমাননার প্রতিবাদে বিরাট বিক্ষোভ মিছিল বের করে। এতে শিবিরের ওপর পুলিশ হামলা চালিয়ে নির্বিচারে লাঠিচার্জ করে। এতে শিবিরের ১৫ জন নেতা-কর্মী গুরুতর যখম হয়। পরে পুলিশ শহরে অভিযান চালিয়ে মিশন রোডস্থ শাহী জামে মসজিদে মাগরীবের নামাযের অজু করা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করে। গত সোমবার দিবাগত রাতভর শহরে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ। এ সময় আরও ২৯ জনকে আটক করে। শিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সেক্রেটারি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমীর এএইচ আহমদ উল্যাহ মিয়া, সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিশের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, নির্বাহী সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি ইব্রাহিম খলিল ও সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম।
সিলেট মহানগরী : বিকেলে সিলেট মহানগর শিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরর্বতী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু। নগর সেক্রেটারি আব্দুর রাজ্জাকের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ মিছিল পরর্বতী সমাবেশে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি এহসানুল করিম, মহানগর অফিস সম্পাদক জাকির হোসেন সিদ্দিকী জামাল, সাবেক মহানগর অর্থ সম্পাদক বদরূল হক মাসুম প্রমুখ।
যশোর শহর : যশোর শহর শাখা দুপুর ১টায় স্থানীয় চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রশিবিরের যশোর শহর সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি জাহাঙ্গীর আলম ও শহর সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।
ঢাকা জেলা উত্তর : ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের বিক্ষোভ মিছিল সকালে সাভার বাসস্ট্যান্ড বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সভাপতি নাজমুস সায়াদাতের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন জেলা সেক্রেটারি জিএম জিয়াউল হক, দফতর সম্পাদক আলাউদ্দীন আল আলম ও অর্থ সম্পাদক এম এ রায়হান প্রমুখ।
চট্টগ্রাম জেলা দক্ষিণ : ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের বিক্ষোভ মিছিল সকাল ৮টায় সাতকানিয়া কেরানীহাট উত্তর জামে মসজিদ-এর সামনে থেকে শুরু হয়ে সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে কেরানীহাট তিন রাস্তার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সেক্রেটারি তারেক হোসাইনের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক তমিজ উদ্দীন আল হেলাল ও সাংস্কৃতিক সম্পাদক আয়ুব আলী প্রমুখ।
টাঙ্গাইল জেলা : সকালে ছাত্রশিবির টাঙ্গাইল জেলার বিক্ষোভ মিছিল উপজেলা মসজিদ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা সেক্রেটারি রফিকুল ইসলাম ও কলেজ কার্যক্রম সম্পাদক শেখ শাহ আলম প্রমুখ।
জয়পুরহাট : ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেছে। মিছিলটি শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে নতুনহাট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিল থেকে ছাত্রলীগ ও সরকারের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দেয়া হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আসলাম হোসেন, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা অফিস আবু যর গিফারী ও জেলা অর্থ আমিনুর রহমান প্রমুখ।
ভোলা জেলা : ভোলা জেলা ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ভোলা জেলা সভাপতি মোঃ রহমাত উল্লাহ সেলিম'র নেতিৃত্বে ভোলা শহরে বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ভোলা জেলা শিবির সেক্রেটারি মোঃ রুহুল আমিন, জেলা অফিস সম্পাদক মোঃ হাসনাইন, জেলা অর্থ সম্পাদক মোঃ মহিবুল্লাহসহ পৌরসভা, ইউনিয়ন পর্যায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
নরসিংদী জেলা : দুপুর ২ টায় নরসিংদী সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা। জেলা সেক্রেটারি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ হাসিবুর রহমান অনিক ও শহর সভাপতি মাহফুজুল আলম নাঈম প্রমুখ।
মানিকগঞ্জ : দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জেলা সভাপতি আহমাদ আব্দুল্লাহর নেতৃত্বে জেলা সেক্রেটারি মোহাম্মদ নূরুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মানিকগঞ্জ বাসস্টেশন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু হয়ে কাঁচা বাজারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরও অংশ নেন সাবেক জেলা সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোমিনুর রহমান ও জেলা স্কুল পরিচালক আনছার উল্লাহ প্রমুখ।
নারায়নগঞ্জ জেলা : ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারের মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ ইলিয়াস বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজিজুল হক, জোবায়ের হোসেন ও জুলহাস মিয়া প্রমুখ।
কিশোরগঞ্জ শহর : ছাত্রশিবির কিশোরগঞ্জ শহর বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি নগুয়া শেষ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথখোলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সেক্রেটারি খালেদ হাসান জুম্মন, জেলা দক্ষিণ সেক্রেটারি আব্দুল জববার ও শহর সভাপতি মহিউদ্দীন মুক্তার প্রমুখ।
গাজীপুর জেলা : ছাত্রশিবির গাজীপুর জেলার বিক্ষোভ মিছিল বিকাল ৫টায় জেলা কার্যালয় মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সভাপতি আবু নাঈম মোল্লার নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন জেলা সেক্রেটারি নূরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আমীর হোসেন আলী, খায়রুল হাসান ও সাদেকুজ্জামান খান প্রমুখ।
কানাইঘাট: ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের কানাইঘাট উপজেলার উদ্যোগে গাছবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। গাছবাড়ী সাথী শাখার সভাপতি শিবিবর আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মাশুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পূর্বের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চৌমহনী : ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে জেলা সভাপতি আনোয়ারুল আজিম সোহেলের নেতৃত্বে চৌমুহনীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌমুহনী ব্যাংক রোড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কাছারী বাড়ি মসজিদ এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ, অফিস সম্পাদক মুহাম্মদ মায়াজ প্রমুখ।
অভয়নগর : অভয়নগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহ্ফুজুর রহমানের নেতৃত্বে নওয়াপাড়া বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেন শিবিরের যশোর জেলা সেক্রেটারি তাউহিদুল ইসলাম, পৌর সভাপতি এসএম মামুন, শিবির নেতা হুমায়ুন কবীর, আল আমিন হোসেন প্রমুখ।
নোয়াখালী সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে মহানবী (সাঃ)কে ব্যঙ্গ করে তৈরি চলচ্চিত্র বাতিল করার প্রতিবাদে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা গতকাল সকালে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিনের নেতৃত্বে মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করে । মিছিল শেষে আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ রাকিবুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসেন ও ইয়াকুব প্রমুখ। মিছিলে হাজার খানেক ছাত্র শিক্ষক অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও সংবাদদাতা : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা। গতকাল দুপুরে শহরের বাসস্ট্যান্ড স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে সিরাজুদ্দৌলা সড়কের সামনে এসে শেষ হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুল বাশারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শিবিরের অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
কুমিল্লা জেলা দক্ষিণ : ইসলামী ছাত্রশিবীর কুমিল্লা জেলা দক্ষিণ-এর উদ্দ্যোগে লাকসামে একবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লাকসাম শহর সভাপতি মোঃ মাঈন উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক কুমিল্লা জেলা দক্ষিণের স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ শহীদ উল্লাহ। উপস্থিত ছিলেন লাকসাম পূর্ব শাখার সভাপতি মোঃ ফয়েজুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক নাঙ্গলকোট দক্ষিণ সভাপতি মোঃ মহিন উদ্দিন মজুমদার, সাবেক লাকসাম পূর্ব শাখার সভাপতি মোঃ মাঈন উদ্দিন,লাকসাম শহর সেক্রেটারি মোঃ শাহাদাৎ হোসেন, লাকসাম পূর্ব শাখার সেক্রেটারি মোঃ সাহাব উদ্দিন, লাকসাম ন. ফ. সরকারি কলেজের সভাপতি মোঃ আবু ছাঈদ।
পুঠিয়া, (রাজশাহী) সংবাদাদাতা : বিকেল ৪টায় ছাত্রশিবিরের রাজশাহী পূর্ব জেলা শাখার উদ্যোগে পুঠিয়ার বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন মানিক। বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি হাসানুজ্জামান, দফতর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, এইচ আর ডি সম্পাদক নূর আলম প্রমূখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকাল ৫টায় মেইন বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাটচাদনী মোড়ে এক সমাবেশে মিলিত হয়। থানা সভাপতি শেখ আসাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি শাহজালাল হাসেন, পৌর সভাপতি শাহাজাহান আলী প্রমুখ।

