|
|
ইসলামী ও সমমনা ১২ দল
গতকাল বুধবার স্থানীয় একটি মিলনায়তনে ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়-সংগ্রাম
শীর্ষ আলেমে দ্বীন ও ইসলামী ও সমমনা ১২ দলের আহবায়ক মাওলানা মুহিউদ্দীন খান বলেন, সকল ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে মহাসমাবেশ সফল করা হবেই ইনশাআল্লাহ। গতকাল বুধবার দুপুরে ২২ সেপ্টেম্বর মহাসমাবেশ নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় শীর্ষ নেতৃবৃন্দের এক বিশেষ বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ও সমমনা ১২ দলের যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন, ইসলামী ও সমমনা ১২ দলের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দীন রববানী, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, মীরের সরাইর পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আহমাদ আলী কাসেমী, ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশীদ প্রধান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, ডা. মাওলানা আব্দুল কাইয়ূম আজহারী, মাওলানা সালেহ সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান, মুফতী মাসুদুর রহমান, মুফতী কেফায়েতুল্লাহ প্রমুখ।
বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ বলেন, মহানবী (সা.)-এর সম্মান রক্ষা ও ঈমান রক্ষার এ মহাসমাবেশের বিরুদ্ধে সরকার গভীর ষড়যন্ত্র চক্রান্ত করছে। পল্টন ময়দান অনুমতি নিয়ে গড়িমসি ও লুকোচুরি খেলছে। ঈমান হেফাজতের এ আন্দোলনে সারা দেশের ঈমানদারগণ ইতোমধ্যে একাকার হয়ে স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কোন শক্তিই ঈমানী এ আন্দোলন থেকে মুসলমানদের ফিরিয়ে রাখতে পারবে না। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পল্টন মহাসমাবেশে বাধা আসলে লাগাতার গণআন্দোলনের ডাক দেয়া হবে।
মতবিনিময় সভা
বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সাথে ধারাবাহিক মতবিনিময় হিসেবে গতকাল বুধবার বিকাল ৪টায় পল্টনস্থ বিএমএস পরিষদ মিলনায়তনে মাদরাসা প্রিন্সিপাল ও বিশিষ্ট আলেমদের সাথে মতবিনিময় করেন ইসলামী ও সমমনা ১২ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মাওলানা আহমদুল্লাহ আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন, মাওলানা জাফরুল্লাহ খান, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, এডভোকেট আব্দুল মোবিন, আলমগীর মজুমদার, কাজী আবুল খায়ের, বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শাহজাহান, অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, ড. মাওলানা আবু ইউসুফ, অধ্যক্ষ নিজামুদ্দীন, মুফাসসির আবুল কাসেম গাজী প্রমুখ। সভায় ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ ঈমান রক্ষার এ আন্দোলনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
মানবজমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়
বর্তমান সরকার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা তথা ধর্মহীনতার এ যাত্রা থেকে শুরু করে একের পর এক ইসলাম বিরোধী কার্যক্রম চালু করেই যাচ্ছে। দেশের ভিতর ও বাহিরের ঈন্ধনদাতারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। এ অবস্থা একজন মুসলমানের মেনে নেয়ার প্রশ্নই আসে না। নবীর ওয়ারিশ আলেম ওলামা আজকে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দেশের তৌহিদী জনতাকে সজাগ ও সচেতনতার লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর পল্টন ময়দানে যে মহাসমাবেশের ডাক দিয়েছে তাতে যোগদান করা প্রত্যেক ঈমানদার মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
গতকাল বিকেল ৪টায় দৈনিক মানবজমিন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ইসলামী ও সমমনা ১২ দলের নেতৃবৃন্দ। মানবজমিনের কর্তৃপক্ষ ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, আপনারা যেসব দাবি নিয়ে মাঠে নেমেছেন এগুলো বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মুসলমান অধ্যুষিত এলাকার তৌহিদী জনতার দাবি। এ দাবিতে সোচ্চার হওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।
ইসলামিক টিভি
গতকাল দুপুর ১২টায় ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ ইসলামিক টিভির কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অপর এক বিবৃতিতে শীর্ষ ওলামায়ে কেরাম আগামী ২১ তারিখ জুমআবার সকল মসজিদে মসজিদে মহানবী (সা.)-এর কুৎসিত চলচ্চিত্র নির্মাতাদের উপযুক্ত শাস্তির দাবিতে গণপ্রতিবাদ করার এবং গুরুত্বপূর্ণ মসজিদ থেকে মিছিল বের করার আহবান জানান। মুসলমান কোন দিন অজ্ঞ হতে পারে না। প্রেস বিজ্ঞপ্তি।

