Quantcast
ঢাকা, শনিবার 22 September 2012, ৭ আশ্বিন ১৪১৯, ৫ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৮৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সাংবাদিকদের সাথে ছাত্রদলের মতবিনিময়ে মির্জা ফখরুল

সরকার পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ মাস নষ্ট হতো না

গতকাল শুক্রবার স্থানীয় একটি হোটেলে ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সম্মানিত সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য পেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ মাস নষ্ট হতো না। তবুও এ প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ দিতে রাজি হওয়াকে আমরা ইতিবাচক বলে মনে করছি। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনের হোটেল ভিক্টোরিয়াতে ছাত্রদলের নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মহিদুল হাসান হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, মহানগর উত্তরের সভাপতি আবুল মনছুর খান দিপক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতির অভিযোগ আসার পর সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতো তাহলে ১০ মাস নষ্ট হতো না। পদ্মা সেতু হোক আমরাও চাই। সে কারণেই পদ্মা সেতুতে ঋণ দেয়ার জন্য বিশ্বব্যাংকের ফিরে আসাটাকে আমরা ইতিবাচক হিসেবে নিয়েছি। ফখরুল আরো বলেন, সরকারকে এখন প্রতিশ্রুতি দিতে হবে এ খাতে আর কোনো দুর্নীতি ও অনিয়ম হবে না। আর  ইতোঃপূর্বে এ প্রকল্পের দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত ছিল, তাদের নাম প্রকাশ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নেই মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এখন দলীয় লোকের মতো কাজ করে। এ কারণে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের পথে। প্রতিহিংসা ও হত্যার রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে যা কিছু ভাল অর্জন তার সবটাই এসেছে ছাত্রদের অনন্য ভূমিকার কারণে। ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে সাফল্য এসেছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই। তিনি বলেন, আমরা গত ৪০ বছরে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু যে পর্যায়ে যাওয়া উচিত ছিল সেখানে যেতে পারিনি। বাংলাদেশকে সত্যিকার অর্থে মধ্যআয়ের দেশে পরিণত করতে চাইলে শিক্ষার বিস্তার করতে হবে। ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে বলেও আশা করেন তিনি।

মতবিনিময় শুরু হওয়ার প্রাক্কালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব সাংবাদিকদের সঙ্গে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি বলেন, আমাদের প্রথম কাজই হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র সংগঠনের গৌরব ফিরিয়ে আনা।