|
|
পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নের ইতিবাচক সম্মতি জ্ঞাপনকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার অবশেষে বিশ্বব্যাংকের সব শর্ত মেনে নিয়ে পদ্মা সেতুতে অর্থায়নের সম্মতি লাভ করেছে। কিন্তু সরকারের অযোগ্যতা, খামখেয়ালীপনা ও দুর্নীতির কারনেই বিশ্বব্যাংকের অর্থায়নের সম্মতি জ্ঞাপনে অযথা বিলম্ব হয়েছে। এতে দেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সরকার যদি যোগ্যতার সাথে পরিস্থিতির মোকাবিলা করতে পারত ও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে এতদিন পদ্মা সেতুর কাজ শুরু হয়ে যেত।
তিনি বলেন, সরকারের অদূরদর্শিতা ও অযোগ্যতার কারণেই অযথা সময় নষ্ট হয়েছে এবং অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য বর্তমান সরকারই দায়ী। যাদের দুর্নীতির কারণে দেশের এ ক্ষতি হলো তাদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, সরকার এ ব্যাপারে যোগ্যতার পরিচয় দিবেন ও দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিয়ে দেশের ভাবমর্যাদা পুনরুদ্ধারে পদক্ষেপ গ্রহণ করবেন এবং দ্রুত পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করতে ত্বরিত ব্যবস্থা নিবেন।

