Quantcast
ঢাকা, বুধবারর 26 September 2012, ১১ আশ্বিন ১৪১৯, ৯ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মদীনায় ৫ জন হজ্জযাত্রীর ইন্তিকাল

হজ্জ ফ্লাইট নিয়ে বিশৃংখলা শুরু হজ্জযাত্রীদের দুর্ভোগ আজও নাসের ফ্লাইট বিলম্ব হওয়ার আশংকা

মিয়া হোসেন : হজ্জ ফ্লাইট নিয়ে বিশৃংখলা শুরু হয়েছে। বিতর্কিত নাস এয়ারলাইনসের ফ্লাইট বিপর্যয়ের কারণে ৫ শতাধিক হজ্জযাত্রী হয়রানির শিকার হয়েছেন। আর বিমানের এ পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বের কারণে বেশ কিছু হজ্জযাত্রী হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে টিকেট সংগ্রহে এখনো ঝামেলা রয়েছে। প্রতিটি টিকেটেই কয়েক হাজার টাকা বেশি গুণতে হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৯ হাজার ৪৩২ জন হজ্জযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। তাদের মধ্যে ৫ জন হজ্জযাত্রী মদীনায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে হজ্জ অফিস সূত্রে জানা গেছে। এ পর্যন্ত ৯২ হাজার হজ্জযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, নাস এয়ারলাইনসের কয়েকটি ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে ৫ শতাধিক হজ্জযাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল সোমবার ২টি ফ্লাইট বিলম্ব হয়েছে। একটি ফ্লাইটের হজ্জযাত্রীরা গতকালও যেতে পারেননি। আজ বুধবার তারা যেতে পারবেন বলে হজ্জ অফিস থেকে জানানো হয়েছে। তবে আজও নাস এয়ালাইনসের আরো একটি ফ্লাইট বিলম্ব হওয়ার আশংকা রয়েছে। সোমবার সন্ধ্যায় নাস এয়ারওয়েজের একটি বিমান এক্স ওয়াই-৫৯১৯ নম্বরের বিমানটি ২৪০ জন নন ব্যালটি হজ্জযাত্রী নিয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু নাস এয়ারওয়েজের ওই বিমানটি সময় মতো বিমানবন্দরে না পৌঁছায় শিডিউল বিপর্যয়ে পড়ে। বিকেল থেকে ওই বিমানের ২৪০ জন যাত্রী বিমানবন্দরে এসে অপেক্ষা করতে থাকেন। নির্ধারিত সময়ে বিমানটি না ছাড়ায় হজ্জযাত্রীরা ওই বিমানের কাউন্টারে গেলে বিমান কর্তৃপক্ষ তাদের জানায়, মঙ্গলবার ভোর ৫টায় বিমানটি ছাড়বে।

অপরদিকে ৩শ' জন হজযাত্রী নিয়ে নাস এয়ারওয়েজের অপর একটি বিমান  সোমবার রাত ১০টা ২০ মিনিটে হজ্জযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সে ফ্লাইট শিডিউলও বাতিল করা হয়। ফলে ২ বিমানের প্রায় সাড়ে ৫ শতাধিক হজ্জযাত্রী বিমানবন্দরে রো-ইতে অবস্থান করে বিক্ষোভ করেছেন। নাস এয়ার লাইনস গত বছরও হজ্জযাত্রী পরিবহনে সমস্যা সৃষ্টি করেছিল। নাস এয়ার কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও তাদেরকে হজ্জযাত্রী পরিবহন করতে দেয়ায় সমস্যা হচ্ছে বলে হাব কর্মকর্তারা মনে করছেন।

এ বিষয়ে হজ্জ অফিসের পরিচালক বজলুল হক বিশ্বাস দৈনিক সংগ্রামকে বলেন, নাসের একটি ফ্লাইটের সমস্যা হয়েছে। তারা বুধবার যাবেন। তবে বুধবারও নাসের একটি ফ্লাইট বিলম্ব হওয়ার ব্যাপারে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ফ্লাইট বিলম্বের কারণে হয়রানির শিকার হজ্জযাত্রীদেরকে নাস কর্তৃপক্ষ হোটেলে নিয়ে রেখেছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ১৯ হাজার ৪৩২ জন হজ্জযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। আর ৯২ হাজার হজ্জযাত্রীর পাসপোর্টে ভিসা লাগানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে বিমানের বেশ কয়েকটি ফ্লাইট বিলম্ব হয়েছে। ২২ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে (বিজি-৩০২৩) হজ্জ ফ্লাইটটি রওনা হওয়ার কথা ছিল সকাল ৮টায়। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে এখন ওই ফ্লাইটটি ২৭ ঘণ্টা বিলম্বে ২৩ সেপ্টেম্বর  বেলা ১১টায় ছেড়ে যায়। একইভাবে ২২  সেপ্টেম্বরের অপর একটি হজ্জ ফ্লাইট (বিজি-৩০২৫) নির্ধারিত সময়ে ছেড়ে  যেতে পারেনি। ওই ফ্লাইটটি ২৩  সেপ্টেম্বর রাত ৪টায় সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

হজ্জ অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত মদিনায় ৫ জন হজ্জযাত্রী ইন্তেকাল করেছেন। তারা সবাই বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন বলে মৃত্যুর সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৩ জনই হলেন জামালপুর জেলার বাসিন্দা। একজন ঢাকার আর অপরজন দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে। মৃত্যুবরণকারীরা হলেন, আব্দুল সাঈদ আলীম (৬৭), পাসপোর্ট নং: এএ ৮৩৩৯০০৯, বাসা: ১৪৫/এ উত্তর বাসাবো। তার গ্রামের বাড়ী কুমিল্লা। রওশন আরা বেগম (৫০), পাসপোর্ট নং-এসি ০১৯৮৭৯২, ঠিকানা: দিনাজপুরের বীরগঞ্জে। এ দু‘জন সোমবার ইন্তিকাল করেছেন। মমতাজ উদ্দিন মন্ডল (৬২), পাসপোর্ট  নং-এসি ৭৮৬০৪০৯, বাসা: জামালপুরের কলেজ রোড। ইউসুফ আলী তালুকদার (৬৭), পাসপোর্ট নং-এসি ২৮২৯০০৯, ঠিকানা: জামালপুরের মাদারগঞ্জ। এ তিনজন ২০ সেপ্টেম্বর ইন্তিকাল করেছেন।