|
|
আসামীদের বেশিরভাগ ওইদিন ছিলেন ঢাকার বাইরে
স্টাফ রিপোর্টার : ২৩ সেপ্টেম্বর হরতালকে কেন্দ্র করে মীরপুর থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। ১২ দলের ১৮ নেতাসহ ৮৬ জনকে মামলার এজহারভুক্ত আসামী করা হয়েছে। এদিকে, হরতালের সাথে কোনো সম্পৃক্ততা না থাকা ও ওইদিন অধিকাংশ নেতা দিনাজপুরে ১৮ দলের উদ্যোগে আয়োজিত জনসভার জন্য উপস্থিত থাকায় মিরপুরের ঘটনার মামলায় তাদের আসামী করা নিয়ে প্রশ্ন উঠেছে। নেতৃবৃন্দ বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী বলেই সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের হয়রানি করতে মিথ্যা মামলায় জড়িয়েছে।
মামলায় জড়ানো ১২ দলের ১৮ নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আবদুর রকিব, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, ইসলামিক পার্টির সাবেক সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আবদুল বাসেদ, বর্তমান সভাপতি এডভোকেট আবদুল মোবিন, বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি এডভোকেট নুরুল হক মজুমদার, মহাসচিব কাজী আবুল খায়ের, ন্যাপ ভাসানী সভাপতি শেখ আনোয়ারুল হক, ইসলামী ঐক্য আন্দোলন আমীর মাওলানা ঈসা শাহেদী প্রমুখ।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন, মীরপুর থানার এসআই ফারুকুজ্জামান ও তৌহিদুল আরেফিন।
এদিকে, নেতারা জানিয়েছেন, আসামীদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান ২৩ মার্চ দিনাজপুরের জনসভা সফলের লক্ষে গত ১০ দিন ধরে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। যখন ঢাকায় হরতাল চলছিল তখন দিনাজপুরের জনসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন জনাব প্রধান। একই জনসভাকে সফল করতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ৭দিন ধরে ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া ৬ দিন ধরে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। হরতাল আহবানের দিন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে ২২ মার্চ বগুড়ায় রাত্রি যাপন করেন এবং ২৩ মার্চ দুপুরে দিনাজপুর পৌছেন বলে জানা যায়। এছাড়া অভিযুক্ত অন্যান্যরাও মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না বলে তারা জানিয়েছেন। জানা যায়, ২৩ সেপ্টেম্বর হরতালের দিন সকাল ১১ টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৬ জনকে আটকও করে পুলিশ।
এ বিষয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া দৈনিক সংগ্রামকে বলেন, আমরা সব সময় সকল ন্যায় সংগত আন্দোলনের পক্ষে থাকলেও হরতাল আহুত কারী ইসলামী ও সমমনা ১২ দলের সাথে আমাদের দলের কোন সম্পর্ক নাই। হরতাল আহবান কিংবা হরতাল পালন করার ক্ষেত্রেও আমাদের দলের কোন ভূমিকা নেই। গত ৭ দিন ধরে দিনাজপুরের ১৮ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত জনসভা সফল করতে দলীয় প্রধানসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচি নিয়ে আমি ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যস্ত ছিলাম। তারপরও হরতালের মামলায় আসামী করে সরকার প্রমাণ করেছে তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। তারা গণতন্ত্রের শত্রু। সরকার হামলা মামলার মাধ্যমে বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে।

