|
|
স্টাফ রিপোর্টার : সুষ্ঠুভাবে হজ্জযাত্রী পরিবহনের লক্ষ্যে অবিলম্বে থার্ড ক্যারিয়ার চালু ও নাস এয়ারের হজ্জযাত্রীদের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন আমরা ঢাকাবাসী'র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা মন্ত্রী ও আমলারা হজ্জযাত্রী পরিবহনের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে।
অবিলম্বে থার্ড ক্যারিয়ার চালু, নাস এয়ারের হজ্জযাত্রীদের ভোগান্তি লাঘব ও বিমানের হজ্জ ফ্লাইট নিশ্চিতকরণের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা আশকোনাস্থ হাজী ক্যাম্প-এর সামনের রাস্তায় বিমান অফিস ঘেরাও কর্মসূচি পালনকালে অনুষ্ঠিত সমাবেশে আমরা ঢাকাবাসীর নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সভাপতি আলহাজ্জ শামসুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলহাজ্জ জামাল নাসের চৌধুরী, হাব-এর কালচারাল সেক্রেটারি, ইসি কমিটির সদস্য মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল আলী ও আলহাজ তারিফুর রহমান।
আমরা ঢাকাবাসীর' সভাপতি আলহাজ্জ শামসুল হক বলেন, বিগত বছরগুলোর ন্যায় হজ্জযাত্রী পরিবহনে সকল থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। রিপ্লেসমেন্ট হজ্জযাত্রীদের ভিসার জন্য ডিও লেটার ইস্যু করতে হবে। তিনি বলেন, নাস এয়ারের হজ ফ্লাইট বিপর্যয়ের কারণে হাজার হাজার হজ্জযাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজী ক্যাম্পে। নাস এয়ারের হজ্জ ফ্লাইট বিপর্যয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আগামীকাল রোববারের মধ্যে আল্লাহর মেহমানদের স্বার্থে উল্লেখিত দাবি মেনে নেয়া না হলে আগামী সোমবার আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে মিছিলটি বিমান অফিস ঘেরাও করার লক্ষ্যে বিমানবন্দর রেলগেটে পৌঁছলে পুলিশী বাধার মুখে মিছিলটি সমাপ্ত হয়।

