Quantcast
ঢাকা, বুধবার 10 October 2012, ২৫ আশ্বিন ১৪১৯, ২৩ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

যুবদলের বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ

সাগর-রুনির হত্যাকারীদের বাঁচাতে সরকার এখন চোর নাটক সাজিয়েছে

গতকাল মঙ্গলবার নয়া পল্টন কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার আসল ঘটনা ধামাচাপা দিতে সরকার এখন ‘চোরের' নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এতদিন পর সরকার আসল হত্যাকারীদের রক্ষা করতে সাধারণ চোরের নাটক সাজিয়েছে। তিনি বলেন, হলমার্কের এমডি তানভীর পুলিশের কাছে বলেছে, আ'লীগ সরকারের শীর্ষ নেতাদের এক হাজার কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, এখন সরকারের যত দিন যাবে ততই দুর্নীতি ও লুটপাটের ঘটনা প্রকাশ পেতে থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আববাস, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, রহুল কবীর রিজভী, যুবদল সেক্রেটারি সাইফুল আলম নিরব, যুবদল নেতা মামুন হাসান, মোরতাজুল করিম বাদরু, আব্দুল খালেক, মীর নেওয়াজ আলী, জাকারিয়া মঞ্জুর, মোনায়েম মুন্ন প্রমুখ।

সরকারের লোকজন জড়িত বলেই রামুর ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই সরকার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, রামুর ঘটনায় যেখানে তদন্ত চলছে, সেখানে প্রধানমন্ত্রী কি করে স্থানীয় এমপির নাম ধরে বক্তব্য দেন যে, তিনিই এ ঘটনা ঘটিয়েছেন। মোশাররফ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্যের পর তদন্ত কমিটির কি কোন সাহস আছে, এর বাইরে রিপোর্ট দেয়ার?

তিনি বলেন, আমরা দাবি করেছিলাম, বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনায় জড়িত মূল ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেয়ার। কিন্ত সরকারের লোকজন জড়িত বলেই প্রধানমন্ত্রী রামুর ঘটনারও নিরপেক্ষ তদন্তের চেষ্টা করছেন না। এখানেও যারা মূল ঘটনার সঙ্গে জড়িত তাদের বাঁচাতে ঘটনা আড়াল করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এ সরকার কোন সমস্যার সমাধানেই আন্তরিক নয়, তারা সমাধান করতেও পারবে না। তাই খালেদা জিয়ার ডাকে যুব সমাজকে সাড়া দিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আসলে অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতেই সরকারি দলের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

সাগর-রুনির হত্যাকারীদের বাঁচাতে সরকার চার চোর ধরার গল্প শোনাচ্ছে মন্তব্য করে মোশাররফ বলেন, এ সরকার আসলে কোন ঘটনারই সুষ্ঠু সমাধান চায় না। চাইলে মূল হত্যাকারীদের গ্রেফতার করত। তিনি বলেন, সরকারের একটাই শিক্ষা যে, বিএনপিকে দমন করার জন্য বা দুর্বল করার জন্য বাংলাদেশের যে প্রান্তেই হোক কোন ঘটনা ঘটলেই বিএনপি নেতাদের নামে মামলা করে দেয়া হয়। এ সময় আলালের মুক্তি ও নেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান মোশাররফ।

মির্জা আববাস বলেন, দেশের পুলিশ এখন আওয়ামী লীগ পুলিশে পরিণত হয়েছে। তিনি বলেন, যারা বিএনপির মঞ্চ ভাংচুর ও অফিস অবরুদ্ধ করেছিল তাদের বিচার অবশ্যই করা হবে। তিনি বলেন, এই সরকার সুদূরপ্রসারী ষড়যন্ত্র নিয়ে এগুচ্ছে। তারা চাচ্ছে সারা দেশে বিএনপি নেতাদের গ্রেফতার করে নির্বিঘ্নে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে। কিন্তু তাদের এ স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।