|
|
আহত অর্ধশতাধিক আটক ৪০ জন
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী ও সমমনা ১২ দল পূর্ব ঘোষিত গণমিছিল শুরু করে কিছুদূর অগ্রসর হতেই পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : পুরানা পল্টন এলাকায় ইসলামী ও সমমনা ১২ দলের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। সেই সাথে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এ ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইসলামী ও সমমনা ১২ দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে স্লোগান দিতে দিতে মিছিল বের করে। যুক্তরাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে হেয় করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, সরকারের অনৈসলামিক কর্মকান্ড, নারীনীতি ও শিক্ষানীতি থেকে ইসলামবিরোধী ধারা বাতিলসহ আট দফা দাবিতে এই মিছিল বের করে ইসলামী দলগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামায শেষে মিছিলটি পল্টন মোড় অতিক্রম করার সময় পল্টন থানার পরিদর্শক সানোয়ার মিছিলের উপর লাঠিপেটা শুরু করে। সেই সাথে অন্য পুলিশ সদস্যরা শতাধিক কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ বায়তুল মোকাররম, পল্টন মোড়, জিরো পয়েন্ট, জাতীয় প্রেসক্লাব, মুক্তাঙ্গন ও বিজয়নগর এলাকাসহ আশপাশের এলাকায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এসব এলাকায় কয়েক ঘণ্টা যানবাহন ও মানুষের চলাচল বন্ধ ছিল। পুলিশের দুটি সাঁজোয়া যান ও একটি জলকামান এসব এলাকায় টহল দিয়েছে। পল্টন থানা পুলিশ জানিয়েছে, পল্টন থানায় এ ঘটনায় ৯১ জনকে আটক করা হয়েছে। আর শাহবাগ থানায় ১০ জনকে আটক রাখা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এ ঘটনা সম্পর্কে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘জনশৃক্মখলা রক্ষায় ইসলামী দলগুলোকে মিছিল না করতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা নামাজ শেষ করার আগেই মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। পরে পুলিশ জানমাল রক্ষায় কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান জানান, এই কর্মসূচির ব্যাপারে পুলিশের অনুমতি ছিল না। তারা রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। এজন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
বায়তুল মোকাররম এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে কি না? জানতে চাইলে পল্টন থানার পুলিশ পরিদর্শক সানোয়ার সাংবাদিকদের বলেন, ১৪৪ ধারা জারি করা নেই। কিন্তু তাদের মিছিল করার অনুমতি ছিল না।
ইসলামী ও সমমনা ১২ দলের যুগ্ম সদস্য সচিব আলমগীর মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা এই কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি। এমনকি মিছিল বের করার পরও পুলিশ প্রথমে কোনো বাধা দেয়নি।' বায়তুল মোকাররম থেকে মিছিলটি পল্টন মোড় পার হওয়ার পর পুলিশ অতর্কিতে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বলে তিনি অভিযোগ করেন।
আলমগীর মজুমদার জানান, ‘আমাদের ইচ্ছে ছিল প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ করা। এর আগেই পুলিশ নেতা-কর্মীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়।' এটাকে তুঘলকি কান্ড দাবি করে আলমগীর মজুমদার বলেন, ‘অনেককে পুলিশ পাহারা দিয়ে মিছিল করায়। আর আমরা অনুমতি নেয়ার পরও পুলিশ মিছিল করতে দেয়নি।'
মিছিলের নেতৃত্ব দিয়েছেন ইসলামী ও সমমনা ১২ দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, যুগ্ন সদস্যসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, আলমগীর মজুমদার, ছারছীনার পীর মাওলানা আরিফ বিল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

