|
|
গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : ছাত্রদলের এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও তারা আসলে ধর্মে বিশ্বাস করে না। এজন্যই রামুতে অহিংসতায় বিশ্বাসী নিরীহ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের লোকজন। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, জাতীয়তাবাদী ছাত্রদলের মহাসচিব শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।
এম কে আনোয়ার বলেন, ওই হামলায় জড়িত আওয়ামী লীগই, তাই প্রধানমন্ত্রী তাদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীসহ হামলাকারীদের বিচার করা হবে। যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তারাই রামুর মতো এমন একটি অহিংস জাতির ওপর হামলা চালাতে পারেন। ধর্মে বিশ্বাসীদের পক্ষে এ ধরনের হামলা চালানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন এম কে আনোয়ার। এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী টকশো'তে যাওয়া ব্যক্তিদের চোরের সঙ্গে তুলনা করেছেন। তিনি এখন চোর খুঁজে বেড়াচ্ছেন। নিজের চারপাশে তাকালেই তিনি চোর খুঁজে পাবেন। কারণ, এই সরকারের সবাই চোর।

