Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ঢাবির ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১ মিছিলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক' ইউনিটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে এ ইউনিট থেকে এ বছর প্রতি আসনের বিপরীতে ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছে। সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৭৭টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে, লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে মোবাইলে উত্তর জানার সময় নিজামুল ইসলাম নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম মোঃ নাসিমুল হক রিয়াদ। রোল -২১৬৯৪৪, ক্রমিক -৭৫৯৭৭৯। শুক্রবার সকালে কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে ফোনসহ আটক করা হয়। এ বিষয়ে প্রক্টর আমজাদ আলী বলেন, লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা দেয়ার সময় রিয়াদ নামের এক জালিয়াত শিক্ষার্থীকে আটক করা হয়। তার মোবাইল ফোনে সবগুলো প্রশ্নের উত্তর ছিল। আটক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। তিনি আরো জানান, আটক শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে কোন চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বছর ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ডিজিটাল  জালিয়াতি করতে গিয়ে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছিল। এদিকে কর্তৃপক্ষে নিষেধাজ্ঞার কারণে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে ও শুভেচ্ছা জানাতে কোনো মিছিল বা সমাবেশ করতে পারেনি কোনো দল। ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন সংগঠন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ব্যানার ঝুলিয়ে রাখে। এ সময় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। সব ভর্তি পরীক্ষার সময় কোনো ধরনের মিছিল সমাবেশ করা যাবে না বলে জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ক্যালেন্ডার দিয়ে শুভেচ্ছা জানিযেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসক) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. শাহিদা রফিক এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে। এ বছর ‘ক' ইউনিটের অধীনে ১ হাজার ৫৯৩টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তৃতীয় বারের মতো এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলছে। এ বছরের ভর্তি কার্যক্রম ২৬ আগস্ট শুরু হয়ে ২২ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ‘ক'-ইউনিটের অধীনে রয়েছে ৫টি (বিজ্ঞান, জীব বিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং তিনটি ইনস্টিটিউট (আইএসআরটি, আইএনএফএস, আইআইটি)।