|
|
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন, বিএম শাহাবুদ্দিন ওরফে খোকন (৫৪), সৈয়দ আসাদুল হক ওরফে আববাস (৪২), রফিকুল ইসলাম ওরফে সবুজ (৪৩), আব্দুস সাত্তার ওরফে কানা সাত্তার (৪০) ও মন্টু মৃধা (৩৮)।
তাদেরকে গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে পুরানা পল্টন এবং মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে গতকাল শুক্রবার পাঠানো ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও আববাসকে একটি বিভলবার ও ২৫ রাউন্ড গুলীসহ গ্রেফতার করা হয়। এদের মধ্যে খোকন খুলনা শহরে অবস্থিত ‘বিএন সাহাবুদ্দিন এন্ড সন্স' নামে এক অস্ত্রের দোকানের মালিক। বৈধ অস্ত্রের দোকান থাকলেও গত ১৫ বছর ধরে খোকন অবৈধ অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান।
সবুজ, সাত্তার ও মন্টুকে মিরপুর-১ নম্বর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলীসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঢাকা ও নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

