|
|
খালেদা জিয়ার সাথে ভাইস মিনিস্টার চেন ফেনশিয়াং এর বৈঠক
স্টাফ রিপোর্টার : চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ফেনশিয়াং। চীন সফররত বাংলাদেশের বিরোধী দলনেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে এক বৈঠকে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। চীন সফরের তৃতীয় দিন গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় এ বৈঠক হয়। এ সময দুই দলের বিভিন্ন স্তরের প্রতিনিধি বিনিময়ের ব্যাপারে খালেদা জিয়ার দেয়া পরামর্শে সম্মতি জানান চেন ফেনশিয়াং। খালেদা জিয়া তাকে জানান, চীনকে সবসময়ই বিশেষ বন্ধু মনে করে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি প্রধান। এছাড়া বিএনপির নেয়া এক চীন নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীনের সঙ্গে গড়ে তোলা বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান চেন। বৈঠকে খালেদা জিয়ার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শমসের মোবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ। অপরদিকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন চেন ফেনশিয়াং-এর সঙ্গে। বৈঠক শেষে খালেদা জিয়ার সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৪ অক্টোবর ঢাকা থেকে রওয়ানা হয়ে ব্যাংকক হয়ে ১৫ অক্টোবর চীন পৌঁছেন খালেদা জিয়া। আগামী ২০ অক্টোবর ফের ব্যাংকক হয়ে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

