Quantcast
ঢাকা, সোমবার 22 October 2012, ৭ কার্তিক ১৪১৯, ৫ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৩৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বাংলাদেশে রিমান্ড ডাল-ভাতে পরিণত -মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সকল সাংবাদিক-কর্মচারীর এক দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার সকল সাংবাদিক-কর্মচারীদের নাম-ঠিকানা জানার জন্য ১ দিনের রিমান্ড চেয়েছে তেজগাঁ থানা পুলিশ। আড়াই বছর আগে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশী কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় এ রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনাকে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে রিমান্ড এখন ডাল-ভাতে পরিণত হয়েছে। যখন যাকে ইচ্ছা রিমান্ডে নেয়া হচ্ছে।

গতকাল সোমবার বিকেলে দৈনিক আমার দেশ কার্যালয়ে তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী, ফিচার সম্পাদক হাসান হাফিজ, সিটি এডিটর এম আব্দুল্লাহ, সহকারী সম্পাদক আব্দুল হাই শিকদার, চিফ সাব-এডিটর সুমন ইসলাম।

২০১০ সালের ১ জুন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজারের কার্যালয় থেকে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ, ওই সময়ে আমার দেশ-এর সাংবাদিক-কর্মচারীরা তাদের কাজে বাধা দিয়েছে। ওই অভিযোগে পরদিন পুলিশ বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। যার নম্বর  ২ তারিখ ২/৬/২০১০ ইং। মামলার ধারা দন্ডবিধির ১৪৩/১৪২/৩৩২/৩৫৩/১৮৬/৫০৬/১১৪। এতে পত্রিকারটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, ক্রাইম রিপোর্টার আলাউদ্দিন আরিফসহ অজ্ঞাত আরো ৪শ' জনকে আসামী করে।

আমার দেশ-এর সম্পাদকসহ সকলেই আড়াই বছর আগে উচ্চ আদালত থেকে জামিন নেন এবং নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অপূর্ব হাসান গত ১১ অক্টোবর আসামীদের নাম ঠিকানা জানার জন্য এক দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পিটিশন দাখিল করে। তবে মাহমুদুর রহমানের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

সাংবাদিক সম্মেলনে মাহমুদুর রহমান জানিয়েছেন, আজ সোমবার মামলার সকল আসামীকে নিয়ে আদালতে হাজির হবেন। তিনি বলেন, পুলিশের এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এর কোনো দ্বিতীয় উদাহরণ পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। মহাজোট সরকার মিডিয়া দমনে ইতিহাস করেছে। এই ফ্যাসিস্ট সরকারের চরিত্র মিডিয়ায় তুলে ধরার জন্য তিনি আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশে রিমান্ড এখন ডাল-ভাতে পরিণত হয়েছে। যখন যাকে ইচ্ছা তাকে রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে। দেশ যেভাবে পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে তাতে সবাই ঐক্যবদ্ধ না থাকলে সবার ওপর এই আচরণ হতে থাকবে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সংবাদপত্র দলনের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি আহবান জানান।

মাহমুদুর রহমান সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, এই সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের নামে ‘সাত জজ মিয়া' নাটক তৈরি করছে।