|
|
২ হাজার ৬৪৫ জনের ভিসা হয়নি
স্টাফ রিপোর্টার : আজ সোমবার শেষ হচ্ছে চলতি বছরের হজ্জ ফ্লাইট। আশকোনা হজ্জ ক্যাম্পে এখনো প্রায় দুই শতাধিক হজ্জযাত্রী টিকিট না পেয়ে কান্নাকাটি করছে। তাদের মধ্যে সালওয়া ওভারসীজ নামক একটি এজেন্সীর ৪০ জন এবং আল নাঈম এয়ার ইন্টারন্যাশনাল-এর ৯ জন মোট ৪৯ জন হজ্জযাত্রীর ভিসা হলেও টিকিট না হওয়ায় তারা যেতে পারছে না। এ ছাড়াও অনেকে এজেন্সীর নাম বলতে পারছেন না। কারো পাসপোর্ট নেই, কারো টিকিট নেই। এজেন্সীর মালিক পালিয়েছে। হজ্জযাত্রীরা থানায় জিডি করেছে। সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। এদিকে রিপ্লেসমেন্ট না দেয়ায় ও শর্ট প্যাকেজ দিতে না পারায় ২ হাজার ৬৪৫ জনের ভিসা করাই সম্ভব হয়নি। ফলে তারাও এবার হজ্জে যেতে পারছে না বলে জানিয়েছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সূত্র মতে, গতকাল রোববার আশকোনা হজ্জ ক্যাম্পে প্রায় দুই শতাধিক হজ্জযাত্রী কান্নাকাটি করেছে। তাদের কয়েকজন বিমান বন্দর থানায় জিডি করেছে। সালওয়া ওভারসীজের ৪০ জনের ভিসা হলেও তাদের টিকিট না দিয়ে পালিয়েছে মালিক আব্দুল্লাহ। হাবের পক্ষ থেকে মালিকের সাথে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। আজ সোমবার তাদের বিষয়ে হাব অফিসিয়াল সিদ্ধান্ত নেবে। আল নাঈম এয়ার ইন্টারন্যাশনাল নামক একটি এজেন্সীর ৯ জন হজ্জযাত্রী বিমানবন্দর থানায় জিডি করেছে। তাদেরকেও টিকিট না দিয়ে মালিক পালিয়েছে। এ ছাড়াও আরো প্রায় দেড়শতাধিক হজ্জযাত্রী উদ্বেগ উৎকন্ঠায় ঘুরাফেরা করছে। তাদের কারো পাসপোর্ট এজেন্সীর কাছে, আবার কেউ এজেন্সীর নামও বলতে পারছেন না। এ বিষয়ে জানার জন্য হজ্জ অফিসে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব এম এ রশিদ শাহ্ সম্রাট এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হাবের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার অফিসিয়ালভাবে এসব বিষয়গুলো দেখা হবে বলে তিনি জানান।
তিনি জানান, এবার বেসরকারিভাবে ১ লাখ ৯ হাজার ৬২৬জন হজ্জযাত্রী হজ্জে যাওয়ার কথা। কিন্তু রিপ্লেসমেন্ট না দেয়ায় এবং শর্ট প্যাকেজের টিকিটের অভাবে ২ হাজার ৬৪৫ জন এবার হজ্জে যেতে পারছে না। যার ফলে এজেন্সীগুলো বাড়ি ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ প্রায় ৬শ' কোটি টাকা লোকসান হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে বলেন, সরকার রিপ্লেসমেন্ট দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরও ডিও না দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। যার কারণে এবার অনেকে হজ্জ করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।
এদিকে হজ্জ অফিস সূত্র জানায়, এবার সরকারি ব্যবস্থায় ভিসা হয়েছে ২ হাজার ৯৮০ জন এবং বেসরকারি ব্যবস্থায় ১ লাখ ৬ হাজার ৯৭২ জন সর্বমোট ১ লাখ ৯ হাজার ৯৫২ জন। তার মধ্যে গত শনিবার পর্যন্ত ১লাখ ৫ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল রোববার প্রায় ১২শ' জন পৌঁছেছেন। আজ সোমবার বেশ কয়েকটি ফ্লাইটে বাকি হজ্জযাত্রীরা যাবেন বলে জানা গেছে।

