|
|
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
গতকাল মঙ্গলবার চলতি মাসের বেতন ভাতার দাবিতে সাভারে হলমার্ক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে -সংগ্রাম
সংগ্রাম ডেস্ক : চলতি মাসের বেতন, ঈদ বোনাস এবং ওভারটাইমের দাবিতে গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হল মার্ক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল শুরু হয়।
ঋণ জালিয়াতির অভিযোগের মুখে থাকা হল মার্ক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝোলানো দেখে উত্তেজিত শ্রমিকরা সকাল থেকে জোরপুল নামক স্থানে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের সরাতে চাইলে বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়।
শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন খান জানান, সকালে শ্রমিকরা হেমায়েতপুরে কারখানায় এসে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝোলানো দেখে বিক্ষোভ শুরু করে।
‘‘এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া শুরু করলে তাদের নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস শেল ছোড়া হয়। শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ, কয়েকশ রাউন্ড রাবার বুলেট এবং বেশ কিছু টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ প্রায় শতাধিক শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে শ্রমিকদের দাবি আহতের সংখ্যা প্রায় দুই শতাধিক।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে অবরোধের কারণে সোয়া ৯টা থেকে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের কবলে পড়ে ঈদে বাড়ি ফেরা মানুষরা।
প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলনের পর ত্রিশ হাজারেরও বেশি শ্রমিককে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন রোববার ও সোমবার পরিশোধ করে কর্তৃপক্ষ। সংশিলষ্টরা জানিয়েছিলেন, শ্রমিকদেরই কেবল মজুরি দেয়া হবে। আপাতত তারা ঈদ বোনাস বা ওভারটাইম পাবেন না। কারখানার অন্য কর্মচারীদের বেতন ক্রমান্বয়ে পরিশোধ করা হবে। সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি আত্মসাতের অভিযোগে হল মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদ বর্তমানে কারাগারে রয়েছেন।
এই তিনজনসহ পোশাক রফতানিকারক ওই প্রতিষ্ঠানের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
শীর্ষ কর্মকর্তারা গ্রেফতার হওয়ায় বেতন না পেয়ে শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

