|
|
মিয়া হোসেন : আজ বুধবার বাংলাদেশে জিলহজ্জ মাসের ৭ম দিবস হলেও মক্কায় জিলহজ্জ মাসের ৮ তারিখ। গতকাল মঙ্গলবার থেকেই হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল থেকে হাজীরা ইহরাম অবস্থায় মিনার তাবুতে যাওয়া শুরু করেছে। আজ মিনায় গিয়ে জোহরের নামায থেকে আগামীকাল ফরজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামায আদায় করবেন। আগামীকাল আরাফার ময়দানে হাজীরা অবস্থান করবেন।
হাজীরা মহান রাববুল আলামীনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পৃথিবীর সকল চিন্তা-চেতনা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকছেন। স্মরণ করছেন আখিরাতের কথা। কাফনের কাপড়ের মতো সাদা দু'টুকরো সেলাইবিহীন কাপড় পরিধান করে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করছেন। জীবনের সকল গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসর্মপণ করেন। হজ্জ ইসলামের অন্যতম একটি রুকন। প্রতিবছর সুনি©র্র্দষ্ট তারিখে পবিত্র মক্কা নগরীতে উপস্থিত হয়ে বায়তুল্লাহ তাওয়াফসহ কতিপয় কাজ সম্পন্ন করার নামই হজ্জ। সামর্থ্যবান লোকদের জন্য জীবনে একবার হজ্জ ফরজ। রাসুল (সাঃ) জীবনে একবার হজ্জ পালন করেছেন। হজ্জের মধ্যে ৩টি ফরজ এবং ৫টি ওয়াজিব ছাড়াও ইসলাম নির্দেশিত বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। হাজীরা সেলাইবিহীন কাপড় পরিধান করে সর্বদা লাববাইকা আল্লাহুম্মা লাববাইক পাঠরত আছেন।
পবিত্র হজ্জ পালনের মাধ্যমে একজন মুসলমান আল্লাহ তায়ালার একটি হুকুমই শুধু আদায় করেন না, তিনি নিজেকে পরিশুদ্ধ করার অতীব গুরুত্বপূর্ণ প্রশিক্ষণও পেয়ে থাকেন। একজন হজ্জ পালনকারীর কাছে পরিষ্কার হয়ে যায় মহান আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টি। মহান আল্লাহ আমাদের স্রষ্টা, পালনকর্তা, রিযিকদাতা, তার দাসত্ব করার জন্যই এ পৃথিবীতে আমাদের আগমন এবং নির্দিষ্ট সময়ে তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। এ সত্যটি নতুন করে বাস্তব হয়ে ধরা দেয় হাজীদের সামনে। তার পুরোজীবনকে আল্লাহর ও তার রাসূলের (সাঃ) নির্দেশিত পথে কাটানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

