স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকাল থেকেই গাজীপুর শহরে উৎসবের আমেজ বিরাজ করে। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রথখোলা ও আশপাশের এলাকা।

গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার ২০২৬

আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, বাপ্পি দেসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথ টানার এ ধর্মীয় আয়োজনে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা রথ টেনে পূজা-অর্চনা করেন এবং শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

মেলা উপলক্ষে রথখোলা এলাকাজুড়ে ইতোমধ্যে বসেছে বিশাল মেলা। সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিভিন্ন বিনোদনের আয়োজনের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রী ও নানা ধরনের পণ্যের শতাধিক দোকানে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ফলে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ২০ দিনব্যাপী চলা এই রথ মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।